
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। দেশের জন্ম ও সশস্ত্র বাহিনীর ইতিহাস একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আগামীকাল শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বাণীতে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহসী সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনগণ একযোগে এ সমন্বিত আক্রমণে অংশ নেন। এর ফলে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লড়াই নতুন মাত্রা লাভ করে।
প্রধানমন্ত্রী বলেন, দিনটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
সশস্ত্র বাহিনীকে জাতির গর্বিত প্রতিষ্ঠান উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্ভীক সাহস, শৌর্য ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে ওঠা এই বাহিনী ১৯৭১ সালের রণাঙ্গনে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শান্তিরক্ষায় তাদের ভূমিকা বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকার উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন শক্তি সময়ে সময়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান জাতির জন্য গৌরবের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার জন্য প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন এবং বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।