প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নেন। প্রথম পর্যায়ে ৫ হাজার শিক্ষার্থীর হাতে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়। আগামী রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার চারা ও মগ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা শুধু গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও পালন করবে বলে আমরা আশা করি।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, যা তাদের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে, তবে এটিকে দুর্বলতা মনে করা উচিত নয়। দেশের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে যারা সহিংসতা ও নাশকতায় জড়িত, তাদের কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা নয়। সরকার জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে। এসব সহিংসতা দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। জনগণের শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের সংকটময় সময়ে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান দেশের দায়িত্ব পালন করছেন। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রীর পাশে থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সারা বছর তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও জানান, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুবিধা, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।