প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের বাসিন্দারা চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, এখন পর্যন্ত গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আগামী দিনে পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে শান্তিপ্রিয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। তার ভাষ্য, এ ধরনের লোকের সংখ্যা খুব বেশি নয়।
গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশপ্রধান বলেন, থানা জনগণের সেবার জন্যই। জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে?
তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশ সদস্যের সংখ্যা হতে পারে মাত্র ২০ জন। আইন মেনে চলা নাগরিকদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন। পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সকালে সেখানে যান আইজিপি আলী হোসেন ফকির।
তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
তারা শহরের সার্কিট হাউসে অবস্থান করেন। এ সময় গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
পরে শুক্রবার বিকেলে আইজিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করেন।