প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম (ভিজিট : ৬১)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ডে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ খাবার পরিবেশন করা হয়। খাবারের মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। এ সময় প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে একই খাবার গ্রহণ করেন।
এর আগে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চান তিনি।
জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন। পরে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ ছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।