প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম (ভিজিট : ৬৯)

সংগৃহীত ছবি
জাল সনদ ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জাল সনদধারীদের দুর্দিন আসছে। কোনোভাবেই তাদের জালিয়াতি আর আড়াল করে রাখার সুযোগ থাকবে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও জ্ঞাননির্ভর হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে জ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল হলে চলবে না, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আরও দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার পরিবেশ উন্নত করা এবং পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রত্যেক ধর্মের শিক্ষার্থীদের জন্য তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।