প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি
ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কৌঁসুলি হারুন-অর-রশীদ।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এর মধ্যে দোলনকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে, মিজানুর রহমানকে ধানমন্ডি থেকে এবং তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেফতার তিনজনের ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়েও তথ্য মিলেছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছেও পৌঁছে দিতেন তারা।
মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেফতার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। এ কারণেই প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।