শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ: রিজভী   রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার   স্থগিত হলো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর   কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালের রিমান্ড মঞ্জুর   পটুয়াখালীতে সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৫ নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ   গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: পুলিশ মহাপরিদর্শক   বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত: রণধীর জয়সওয়াল   
তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পিএম   (ভিজিট : ৫২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি। রাজনীতির বাইরে অন্য কোনো পেশা বা পরিচয়কে কখনো গুরুত্ব দেননি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি যেমন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজনীতিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) আয়োজিত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

একই অনুষ্ঠানে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জেলা বিএনপি আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

প্রকৃত রাজনীতিবিদের বৈশিষ্ট্য তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অনেকেই সংসদ সদস্য বা মন্ত্রী হন। কেউ ব্যবসা কিংবা ঠিকাদারির পাশাপাশি রাজনীতি করেন, আবার কেউ চাকরি থেকে অবসরের পর রাজনীতিতে যুক্ত হন। কিন্তু একজন প্রকৃত রাজনীতিবিদের বেড়ে ওঠার প্রক্রিয়া ভিন্ন। ছাত্রজীবন থেকে নানা আন্দোলন-সংগ্রাম, ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে একজন মানুষ ধ্রুপদি রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। তরিকুল ইসলাম ছিলেন তেমনই একজন রাজনীতিবিদ।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা একজন নেতার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে উল্লেখ করে রিজভী ওয়ান-ইলেভেনের সময়কার একটি ঘটনা স্মরণ করেন।

তিনি বলেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে ক্ষমতায় আসা তৎকালীন সরকারের আমলে মিথ্যা অভিযোগে তরিকুল ইসলামসহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে অনেকে কান্নাকাটি কিংবা ধর্মীয় চর্চায় সময় কাটালেও তরিকুল ইসলাম হাসিমুখে নেতাকর্মীদের বলেছিলেন, ‘তোরা যা-ই করিস, দুই বছরের আগে বেরোতে পারবি না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র মির্জা আব্বাসের কাছ থেকে শোনা এ ঘটনার ব্যাখ্যায় রিজভী বলেন, সামরিক চরিত্রের সরকারের গতিপ্রকৃতি সম্পর্কে তরিকুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা থেকেই তিনি এমন মন্তব্য করেছিলেন। বাস্তবেও দুই বছরের আগে কেউ মুক্তি পাননি।

তরিকুল ইসলামের শিক্ষাজীবন ও ছাত্ররাজনীতির প্রসঙ্গে রিজভী বলেন, যশোর জিলা স্কুল ও এমএম কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও স্থানীয় ছাত্র ইউনিয়নের প্রবীণ কর্মীদের স্মৃতিচারণ করে রিজভী বলেন, আইয়ুব খানের শাসনামলে অত্যাচার-নিপীড়ন এবং শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ভুবনমোহন ক্যাম্পাসে তরিকুল ইসলামের বক্তব্য শুনতে মানুষের ভিড় জমত। তাঁর বক্তব্য সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করত।

তরিকুল ইসলামের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল সাংস্কৃতিক মনন ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ। এ প্রসঙ্গে রিজভী বলেন, তাঁর ঘনিষ্ঠ নেতাকর্মীরা রাজনীতির পাশাপাশি সাহিত্য নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করতেন। সমরেশ মজুমদারের উপন্যাস কিংবা টি এস এলিয়টের কবিতা পড়েছেন কি না, জুনিয়রদের কাছে এমন প্রশ্ন করতেন তিনি। জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেতার এমন সাহিত্যচর্চা ও মননশীলতা ছিল ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক।

প্রগতিশীল ছাত্ররাজনীতির মধ্য দিয়ে বেড়ে ওঠা এবং পরবর্তী সময়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর সান্নিধ্যে জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়া তরিকুল ইসলামের মুক্তিযুদ্ধকালীন অবদান যথাযথভাবে আলোচিত ও গবেষিত হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন রিজভী।

তিনি বলেন, ১৯৭১ সালে ভারতে অবস্থানকালে সংগঠন গড়ে তোলা এবং তরুণদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তরিকুল ইসলাম। তাঁর মুক্তিযুদ্ধকালীন অবদান নিয়ে আরও বিস্তৃত গবেষণা হওয়া প্রয়োজন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তরিকুল ইসলামের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বেগম খালেদা জিয়া সবার আগে তরিকুল ইসলামের কথা স্মরণ করতেন। ২০১৪ সালে কেন্দ্রীয় কার্যালয়ের দরজা ভেঙে তাঁকে গ্রেপ্তারের পর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁর মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও আন্দোলনের লজিস্টিক সমন্বয় করা হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের এমন আস্থা ও বিশ্বাস অর্জন সবার পক্ষে সম্ভব নয়।

রিজভী আরও বলেন, ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের বড় একটি সময় অসুস্থতা এবং যশোরের বাসায় ‘বুকডোর’ অভিযানের মতো চাপের মধ্যেও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন তরিকুল ইসলাম।

স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য গোলাম রছুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]