
সংগৃহীত ছবি
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ দলটির ১৫ নেতা-কর্মীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘরবাড়ি, আসবাবপত্র ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার লোহালিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম লুৎফুন্নেছার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাচ ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বাড়ির সামনে রাখা একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন লুৎফুন্নেছার স্বামী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, দৈনিক পটুয়াখালীর সম্পাদক ও পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা।
একই রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বাসায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাত ২টার দিকে শহরের পিডিএস মাঠসংলগ্ন এলাকায় তাঁর বহুতল ভবনের নিচতলায় এ হামলা চালানো হয়।
এর আগে বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেনের বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটি তালাবদ্ধ ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বাড়িটির দোতলার পশ্চিম পাশের বারান্দায় রাখা কাঠের কয়েকটি বড় টুকরায় আগুন দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে আগুন ধীরে ধীরে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার সদর উপজেলার শিয়ালি গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির কাঠের সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। ওই বাড়িতেও কেউ অবস্থান করছিলেন না। পরে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনি, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মৃধা, জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত, সহসভাপতি সৈয়দ বেল্লাল হোসেন পাভেল এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মোল্লার বাসায়ও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।