প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ভবনটির নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ছাড়া বাড়ির জানালার কাচও ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে বাসভবনে প্রবেশ করে। পরে তারা তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাড়িতে বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।
বাড়িটির অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ অগ্নিসংযোগ করেছে, তা এখনো শনাক্ত করা যায়নি।