প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম (ভিজিট : ৭৯)

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর বটতলা এলাকার আদম আলী গলিতে এ ঘটনা ঘটে।
ভবনের বাসিন্দারা জানান, রাত আড়াইটার দিকে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি ভবনের সামনে এসে চিৎকার শুরু করেন। এ সময় তাঁরা কয়েকবার বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। একপর্যায়ে হামলাকারীরা ভবনের নিচতলায় থাকা দারোয়ানের কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা দ্রুত নিচে নেমে এলে হামলাকারীরা তাঁদের বাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।