
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
সমাবেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে দলটি। তবে এ ক্ষেত্রে সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার শর্ত দিয়েছে জামায়াত।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে দলটি।
বিএনপি সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারছেন না এবং যাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দিচ্ছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে।
প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। এসব ঘটনা সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত পতনের কারণ হতে পারে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এখনই সরকারের পদত্যাগ দাবি করছে না। বরং সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশ পরিচালনা করুক, সেটিই প্রত্যাশা।
গণভোটের গুরুত্ব তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায়ের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করা গেলেও তা টেকসই করা সম্ভব নয়। স্থায়ী ও গ্রহণযোগ্য আইনের জন্য গণভোটের বিকল্প নেই। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাই এই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে তা পাস করতে হবে।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে জামায়াত এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন।
তিনি আরও অভিযোগ করেন, ভারত থেকে সাত বছরের প্রশিক্ষণ নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার হাতে যখন পুরো রাষ্ট্রযন্ত্র ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখা কেবল দিবাস্বপ্ন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। এটি কার্যকর হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না এবং জনগণ ঐক্যবদ্ধভাবে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় কোনো এমপি-মন্ত্রীদের গাড়ি ভাঙচুর কিংবা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। অথচ বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরও নিরাপত্তা দিতে পারছে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আর সেই ঐক্য প্রতিষ্ঠায় ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল বলে জামায়াত মনে করে। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ তাদের শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় বাধা দেবে না। কিন্তু এখন গোপালগঞ্জের নৈরাজ্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিএনপিকে চাপে ফেলতে শুরু করেছে। জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য গড়ে তোলা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। এ কারণে এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না দলটি। তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সামনে বিএনপি সরকারের জন্য আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ বিদেশে অবস্থান করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু বিএনপি সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্য নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারকে ব্যর্থ করে দেওয়া।
তিনি আরও বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের রায় মেনে সনদ বাস্তবায়ন করা হলে জাতীয় ঐক্য অটুট থাকবে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে জনগণ রাজপথে নেমে আসবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের অতিরিক্ত ঘনিষ্ঠতা বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।