
সংগৃহীত ছবি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় কর্মসূচিতে বিশাল শোডাউন নিয়ে অংশ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় মহান মুক্তিযুদ্ধ, আধুনিক সশস্ত্র বাহিনী গঠন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন দলের নেতারা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে বিজয়নগর ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
র্যালি শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিভিন্ন সময়ে স্বৈরশাসকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জাতীয় ইতিহাসে যার যতটুকু অবদান রয়েছে, তাকে ততটুকু স্বীকৃতি দিতে হবে।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও গণতন্ত্র যখন সংকটের মুখে পড়েছিল, তখন জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন।
আবদুস সালাম আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। তাঁর নেতৃত্বে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। কোনো অপশক্তি যাতে এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনী গঠনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর তিনি রক্ষীবাহিনী বিলুপ্ত করে সশস্ত্র বাহিনীকে সুসংগঠিত ও শক্তিশালী করেন।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী, জনগণ, ছাত্র, শ্রমিক ও কৃষকের ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। সশস্ত্র বাহিনী দিবসে এটিই হোক সবার অঙ্গীকার।