প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম (ভিজিট : ৭৬)

সংগৃহীত ছবি
পরাজিত শক্তি অন্যের অধীন থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তাভাবনার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘পলাতক আওয়ামী লীগ ভিন্ন একটি দেশের অনুগত থেকে রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের অস্থিতিশীল মানসিকতার সঙ্গে জনগণের কোনো সম্মতি নেই।’
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সেনাবাহিনীকে শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন। একসময় রক্ষীবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের যে পরিস্থিতি ছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে তিনি সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই বিএনপির হাজারো নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হন। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।