টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০-২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থলে আভিযানিক দল পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পাঁচজন নারী, দুইজন পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা বলে জানিয়েছে আইএসপিআর। তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।