প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১০ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম মাচালংয়ের ১৪ কিলো এলাকায় আবারও সেনাবাহিনী ও সশস্ত্রগোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এলাকায় টহলরত সেনাসদস্যদের সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থনপুষ্ট একটি সশস্ত্র দলের সদস্যদের কয়েক দফায় থেমে থেমে গোলাগুলি হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মাচালংয়ের ওই এলাকায় কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনার সময় সশস্ত্রগোষ্ঠীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাসদস্যরাও পাল্টা গুলি চালান। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাজেকের কোথাও গোলাগুলির বিষয়ে তাদের জানা নেই। মাচালং এলাকায় তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। সংগঠনটিতে কোনো সশস্ত্র সদস্য বা এ ধরনের তৎপরতাও নেই বলে দাবি করেছে সূত্রটি।
অন্যদিকে, স্থানীয় পাহাড়ি সংগঠনের আহ্বানে গত ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের প্রথম দিনেও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হলেও অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করে সংগঠনটি।