
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ তালিকায় রয়েছেন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ৯১ জন নেতাসহ তিন শতাধিক বহিষ্কৃত নেতাকর্মী। সব মিলিয়ে অন্তত ৫০০ নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে ক্ষমতাসীন দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা, অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক ঐক্য জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, দলে ফেরানোর তালিকায় অন্তত ৮০ থেকে ৮৫ জন সাবেক বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদেরও ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে।
এরই মধ্যে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। অন্য নেতাদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট আলাদা। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো পর্যালোচনা করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে সাতজন নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ায় তৃণমূলের আরও তিন শতাধিক নেতাকর্মী বহিষ্কৃত হন।
গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। সর্বশেষ ১৭ নভেম্বর নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিএনপির দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদের একটি বড় অংশকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তবে ওই সময়ে আবেদন করেও কয়েকজন ফিরতে পারেননি। এবার বিদ্রোহী প্রার্থী ও তাঁদের সমর্থনকারীদের পাশাপাশি এসব নেতাকেও ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হবে।
বিএনপির সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত হয়ে বিজয়ী হওয়া সাত বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন- ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।
তালিকায় আরও থাকতে পারেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়ার নামও আলোচনায় রয়েছে।
সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ও সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল।
এ ছাড়া কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর নামও রয়েছে সম্ভাব্য তালিকায়।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে সামনের সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে নিজের সঙ্গে নেন তারেক রহমান।
এ বিষয়ে সাইফুল আলম নিরব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক আয়োজনে তিনি অংশ নিচ্ছেন। নিজের নির্বাচনি এলাকাতেও দলের কর্মসূচি পালন করছেন। দলের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি চালিয়ে যেতে চান। তবে দলে ফেরার বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নেতারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। দলের দুঃসময়ে তাঁরা সাহসী ভূমিকা পালন করেছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণগুলোও দলের খতিয়ে দেখা উচিত। দলীয় প্রতীকের বাইরে থেকেও তাঁরা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন এবং তৃণমূলের একটি অংশ এখনো তাঁদের সঙ্গে রয়েছে। এখন দল কীভাবে তাঁদের কাজে লাগাবে, সেটি বিবেচনার বিষয়।
বহিষ্কৃত একাধিক নেতা জানান, তাঁদের কেউ কেউ ইতোমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। হাইকমান্ডের ইতিবাচক সংকেত পেলে তাঁরাও আবেদন করবেন। তাঁদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ছিল ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। এখন দলে ফেরার আবেদন করলে তা নিয়ে সমালোচনা হতে পারে। তাঁদের ভাষ্য, আবেদন করা আনুষ্ঠানিকতা মাত্র; হাইকমান্ড চাইলে যেকোনো নেতাকে ফিরিয়ে নিতে পারে।
তবে কয়েকজন নেতা অভিযোগ করেছেন, দলের ভেতরে ও বাইরে সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের কোণঠাসা করে রাখা হচ্ছে। তাঁদের মতে, এ কারণে আওয়ামী লীগ রাজপথে সুযোগ পাচ্ছে। অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের দায়িত্ব দেওয়া হলে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলা আরও সহজ হবে।
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপিতে যে বিরোধের সূত্রপাত হয়েছিল, বিদ্রোহী প্রার্থী ও পরবর্তী বহিষ্কারের ঘটনায় সেই বিভক্তি এখনো পুরোপুরি কাটেনি। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফিরলেও তৃণমূল পর্যায়ে দলটির পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন দলটির নীতিনির্ধারকেরা।
বিএনপির নেতাদের মতে, জাতীয় নির্বাচনে অর্জিত বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় দলটি। বহিষ্কৃত অনেক নেতা এখনো স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁদের ফিরিয়ে আনতে পারলে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, থানায় আগুন এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার ওপর গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দলটি।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ সফল হলে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। তৃণমূলের বিভেদ দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক—উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।