
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পুস্তক প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা তাদের তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চষে বেড়াচ্ছেন!
অভিযোগ উঠেছে,উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বদা সক্রিয় রয়েছেন এই বই বাণিজ্যের পুশিং সিন্ডিকেট! ফলে এর বিরূপ প্রভাব পড়তে পারে শিক্ষার্থীদের উপর। পকেট কাটা দামে বই কিনতে বাধ্য হতে পারেন অভিভাবকেরা।এমন উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছেন সচেতন অনেক অভিভাবক ও খোদ পুস্তক বিক্রেতাদের কয়েকজন।
পুস্তক বিক্রেতাদের অনেকের অভিমত, প্রকাশনা সংস্থার সঠিক নীতিমালা না থাকাই অসম প্রতিযোগিতায় লিপ্ত হয় কতিপয় প্রকাশনা সংস্থা। পাশাপাশি তারা প্রভাব খাটিয়ে প্রতিনিধিদের মাধ্যমে মোট অংকের লোভনীয় নামিদামি উপঢৌকন ও কমিশনের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগসাজোশে পুশিংসেলের মাধ্যমে 'বুক লিস্ট' শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেয়া হয়। অতঃপর একপ্রকার বাধ্য করা হয় প্রতিষ্ঠান প্রধানের পছন্দের প্রকাশনা সংস্থার বই। ফলে,একপ্রকার নিরুপায় হয়ে শিক্ষার্থী ও তার অভিভাবক পকেটকাটা উচ্চমূল্যে বাজারের বইয়ের দোকান বা লাইব্রেরী থেকে বই কিনতে বাধ্য হন। অভিযোগে প্রকাশ,ইতোমধ্যে উপজেলা সদরের নামকরা কয়েকটি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মোটা অংকের কমিশনে অলিখিত পুশিংসেলে চুক্তিবদ্ধ হয়েছেন!
জানাগেছে,প্রাইমারি,মাধ্যমিক ও কলেজ, মাদ্রাসা এবতেদায়ী থেকে কামিল পর্যায়ে পুস্তক বিক্রিতে প্রকাশনা সংস্থা পাঞ্জেরী, লেকচার, জননী, অনুপম প্রতিযোগিতায় রয়েছে তুঙ্গে!
মাদ্রাসা শিক্ষার সকল পর্যায়ের পুস্তক বিক্রিতে শীর্ষ অবস্থানে রয়েছে, আল ফাতাহ, দারসুন, আলইন্তেহান ইত্যাদি। প্রকাশনা সংস্থা লেকচারের সর্বাধিক বই বিক্রিতে নিজেদের দখলে রেখেছে প্রতিষ্ঠানটি। তথ্য মিলেছে প্রকাশনা সংস্থা 'জননী' গোটা খুলনা বিভাগ তাদের দখলে ধরে রেখেছে। এই প্রতিষ্ঠানটি কেবলমাত্র মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত যাবতীয় বই বিক্রি করে থাকে। অপরদিকে লেকচার ও পাঞ্জেরী গোটা দেশের পুস্তক ব্যবসার শীর্ষস্থান দখল করে রেখেছে। প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা দায়িত্বপ্রাপ্ত উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মোটা অংকের কমিশনের চুক্তিতে প্রতিযোগিতামূলক তাদের কোম্পানির বই 'পুশিং সেল' দিতে মরিয়া হয়ে পড়েছেন।
পুস্তক বিক্রির সাথে জড়িত বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছেন,প্রত্যেক প্রকাশনা সংস্থার নিজস্ব প্রতিনিধি প্রতিটি উপজেলায় রয়েছেন। জানাগেছে,যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রকাশনা সংস্থা লেকচারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নীহারঞ্জন নেহাল,পাঞ্জেরির দেবাশীষ,জননীর জসিম ও অনুপমের গোলাম হোসেন দায়িত্ব পালন করছেন।
পুস্তক ব্যবসায়ী লাইব্রেরিয়ানদের অনেকের মতে, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চাপিয়ে দেয়া বুক লিস্ট প্রথা বাদ দিয়ে বইয়ের বাজার উন্মুক্ত হলে প্রতিযোগিতামূল্যে শিক্ষার্থী বা অভিভাবকরা কমমূল্যে বই কিনতে পারতেন। কিন্তু সেটি হয় না। অসম প্রতিযোগিতার ফলে পুশিং প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক প্রকাশনা সংস্থার পুস্তকের গুণগতমান ভালো হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের হাতে কম দামে বই পৌঁছায় না। ফলে একদিকে উচ্চমূল্যে বই কিনতে অভিভাবকদের যেমন পকেট কাটা পড়ে তেমনি আর্থিকভাবে লাভবান হয় গুটিকয়েক প্রকাশনা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সুবিধাভোগী একটি শ্রেণি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে,ঝিকরগাছা উপজেলায় ৪৮টি মাধ্যমিক ও ৩১টি মাদ্রাসা,১০ টি কলেজ রয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার।
এরমধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ: ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুল,সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ,বদরুদ্দিন মুসলিম(বিএম) হাই স্কুল,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,সম্মিলনী কলেজিয়েট স্কুল ও সম্মিলনী মহিলা কলেজ, আকিজ কলেজিয়েট স্কুল, দারুল উলুম কামিল মাদ্রাসা,গাজীর দরগা ফয়জাবাদ কামিল মাদ্রাসা,পারবাজার মাধ্যমিক বিদ্যালয়,বাঁকড়া জে.কে হাই স্কুল, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়,গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রভৃতি।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: শাহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে সকল ধরনের গাইড বইয়ের উপর কঠোর বিধিনিষেধ আছে। তারপরও আমরা এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদের সতর্কতামূলক চিঠি ইস্যু করবো। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহসান উদ্দিন দাবি করেন, শিক্ষার্থীদের মানসম্মত সৃজনশীল সহায়ক বইয়ের প্রয়োজন আছে। কেননা,শিক্ষাবোর্ড প্রণীত ও অনুমোদিত বর্তমানের বই আকারে বেশ ছোট এবং তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে। বইগুলো এমন হওয়া দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল ও সহায়ক হিসেবে উপকারে আসতে পারে তেমনটি হওয়া বাঞ্চনীয়। এমনটি হলে শিক্ষার্থীরা নোট বই এর দিকে ঝুঁকবে না বলে মনে করেন তিনি।
সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ বলেন, নোট গাইড কোম্পানির সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের কোনো কথা হয়নি। তাছাড়া গাইড কিনতে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা হচ্ছে।