রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। দানবাক্সে জমা হওয়া টাকা গণনা শেষে এ হিসাব নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

শনিবার (২১ নভেম্বর) প্রায় পাঁচ মাস পর সকাল সোয়া ৭টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এ সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

দানবাক্স থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া গণনা শেষ হতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টা। মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা এ কাজে অংশ নেন। সার্বিক নিরাপত্তায় পুলিশ, আনসার, এসআরবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

দানবাক্স খোলার পর দেখা যায়, প্রতিটি বাক্সই টাকায় পরিপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদে দানের পরিমাণও বাড়ছে। এর আগে গত ২৭ জুন ছয় মাস পর ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সঙ্গে ছিল বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।

এবার ১৩টি দানবাক্স পূর্ণ হয়ে যাওয়ায় মসজিদ পরিচালনা কমিটি আরও দুটি বাক্স বাড়ায়। ফলে এবার দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর, অর্থাৎ বছরে চারবার দানবাক্স খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছর মাত্র দুবার সেগুলো খোলা হয়েছে।

পাগলা মসজিদে মানত করলে রোগবালাই দূর হয় এবং মনোবাসনা পূরণ হয়—এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে দান করতে আসেন। সব ধর্মের মানুষই নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন। দেশের বাইরে থেকেও মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অর্থ পাঠান অনেকে।

গত কয়েক বছরে দানবাক্সে মানতসংক্রান্ত চিঠি দেওয়ার প্রবণতাও বেড়েছে। এসব চিঠিতে কেউ পরিবারের সদস্যের রোগমুক্তি, কেউ পারিবারিক বা ব্যক্তিগত জটিলতা নিরসন, আবার কেউ দেশের রাজনৈতিক অস্থিরতা কমিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্য প্রার্থনা করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মানতের টাকা দিতে আসা রাখাল চন্দ্র পাল বলেন, টেলিভিশন ও মানুষের মুখে পাগলা মসজিদ সম্পর্কে অনেক কিছু শুনেছেন। এখানে সব ধর্মের মানুষ দান করেন জেনে নিজের একটি মানত পূরণ হওয়ায় পরিবার নিয়ে এসেছেন। সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দান করেছেন।

নেত্রকোনার মদন থেকে আসা আবু বক্কর জানান, তিনি এই মসজিদে দুটি ছাগল মানত করেছিলেন। মনোবাসনা পূরণ হওয়ায় এবার পরিবার নিয়ে এসে সেই মানত পূরণ করেছেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাওয়া পাগলা মসজিদের ব্যাংক হিসাবে আজকের দানসহ মোট ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এ অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে গত ১২ অক্টোবর পাগলা মসজিদের ছয় বছরে জমা হওয়া ‘রত্নভান্ডার’ খোলা হলে পাওয়া যায় ১২ কেজি ১৭৪ গ্রাম সোনা, ১২ কেজি রূপা এবং ৩০টি দেশের মুদ্রা। এর আগে ২০২০ সালের ১১ মার্চ সর্বশেষ স্বর্ণ ও রূপার হিসাব করা হয়েছিল। তখন প্রায় তিন বছরে জমা হওয়া ৪২০ ভরি সোনা ও ১৮৮ ভরি রূপা নিলামে বিক্রি করে ১ কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা পাওয়া যায়। বিদেশি মুদ্রা নগদায়ন করে পাওয়া গিয়েছিল আরও ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।

২০২০ সালের পর থেকে এ পর্যন্ত মসজিদের দানবাক্স ১৮ বার খোলা হয়েছে। তবে চলতি বছরই প্রথমবারের মতো স্বর্ণ-রূপার ওজন এবং বিদেশি মুদ্রার হিসাব করার উদ্যোগ নেওয়া হয়।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক ব্যক্তি খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর বিছিয়ে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাঁকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম ঘটে। পরে ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর সমাধির পাশে গড়ে ওঠে মসজিদটি। সময়ের পরিক্রমায় এটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি লাভ করে। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেট মসজিদটি পরিচালনা করে আসছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]