প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিট : ১১১)

সংগৃহীত ছবি
পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে শুরু হওয়া সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামাতে হিমশিম খেতে হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।