
সংগৃহীত ছবি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যারা ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়ে দেব না।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, ‘নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে। তারা বলছেন, এত বয়স্ক একজন মানুষকে আটক করা হয়েছে। আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? তিনি ৮৬ বছর বয়সেও আদালতের বারান্দায় ঘুরেছেন। তাকে ধরে ধরে ওঠানো হতো, আবার হ্যান্ডকাফও পরানো হয়েছিল।’
নিজের ওপর অতীতে নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে টেনে আদালতে নেওয়া হতো। আমি ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র্যাব ও ডিবি দিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, আমি নাকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এত কিছু সহজে ভুলে যাইনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। তবে কেউ আমাদের দুর্বল মনে করলে তাকে ছাড় দেওয়া হবে না।’
গত ১৭ বছরে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়েও সমালোচনা করেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ‘এই ১৭ বছরে শেখানো হয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা। বই-পুস্তকে এসব কথা আমার মতো শিক্ষকরাই লিখেছেন, আপনাদের মতো শিক্ষকরাও লিখেছেন। তাদের ভাড়া করে এসব লেখানো হতো। এসব কথাই শিক্ষার্থীদের শেখানো হয়েছে।’
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘শেখ মুজিব যদি জাতির পিতা হতেন, তাহলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না। লাশ দাফন করার মতোও কেউ ছিল না।’
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নেছার আহমেদ রাজু।