
সংগৃহীত ছবি
মাঠজুড়ে পাকা আমন ধান। কোথাও সোনালি ফসল কাটার প্রস্তুতি, আবার কোথাও চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ভালো ফলনের আশায় থাকা কৃষকদের এখন ব্যস্ত থাকার কথা ফসল ঘরে তোলায়। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে সেই আনন্দে ভাটা পড়েছে। বৃষ্টি ও দমকা বাতাসে পাকা ধান হেলে পড়া, কেটে রাখা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন মাগুরার কৃষকেরা।
গত বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বৃষ্টিতে জেলার চার উপজেলার বিভিন্ন কৃষিজমিতে পানি জমেছে। কোথাও পাকা আমন ধান নিয়ে উদ্বেগ, আবার কোথাও আগাম শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চিন্তিত চাষিরা। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে আমন ধানের ফলন ও গুণগত মানের পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনেও ক্ষতির আশঙ্কা করছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরার চার উপজেলায় মোট ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩ হাজার ৬৬৫ হেক্টর, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫ হেক্টর, শালিখায় ১৪ হাজার ৮৯০ হেক্টর এবং শ্রীপুরে ১১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এবার হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সেই হিসাবে জেলায় মোট ৩ লাখ ৫৯ হাজার ২২৫ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন মাঠে বৃষ্টি ও বাতাসে পাকা ধান হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক কেটে রাখা ধান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো রোদ না পেলে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে শ্রমিকসংকটও কৃষকদের ভোগান্তি বাড়িয়েছে।
আমন ধানের পাশাপাশি আগাম শীতকালীন সবজি নিয়েও উদ্বেগে রয়েছেন চাষিরা। জেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ এবং বীজতলা রয়েছে। বৃষ্টি দীর্ঘায়িত হলে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সবজির চারার গোড়া পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সার, বীজ ও শ্রমিকের পেছনে বিনিয়োগ করা অর্থ তুলে আনার আগমুহূর্তে এমন পরিস্থিতি তাদের নতুন করে আর্থিক ঝুঁকিতে ফেলেছে।
মাগুরা সদর উপজেলার কৃষক মজনু মিয়া বলেন, সারা বছর পরিশ্রম ও পুঁজি বিনিয়োগ করে আমন ধান ফলিয়েছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু কাটার সময় বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেটে রাখা ধান ভিজে গেলে এবং রোদ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
মহম্মদপুর উপজেলার কৃষক সামাদ শেখ বলেন, মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে ঠিকমতো কাটা ও মাড়াই করা যাচ্ছে না। পাশাপাশি শ্রমিকসংকট রয়েছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এবং ধানের ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।
শ্রীপুর উপজেলার কৃষক বাবলু শেখ বলেন, ধারদেনা করে সার ও বীজের খরচ মিটিয়ে আমনের পাশাপাশি আগাম শীতকালীন সবজির আবাদ করেছেন। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে বড় বিপদে পড়তে হবে।
আব্দুল্লাহ নামের আরেক কৃষক বলেন, কিছু জমিতে আমন ধান এবং অন্য জমিতে সবজি চাষ করেছেন। ভারী বৃষ্টিতে সব ফসল নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর কৃষকদের আগাম সতর্ক করা হয়েছে। ৮০ শতাংশ ধান পেকে গেলে তা কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাকি পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্যও প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর—এই চার উপজেলায় এবার ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৫৫ শতাংশ, অর্থাৎ সাড়ে ৩২ হাজার হেক্টর জমির ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে থাকা পাকা ধান এবং কেটে রাখা ফসল নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। সম্ভাব্য ক্ষতি এড়াতে পাকা ও কাটা ধান দ্রুত নিরাপদে ঘরে তোলার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ কাজে প্রতিটি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।