রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
গুরুতর অসুস্থ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৫২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থার অবনতিতে জন্মভূমি বৃহত্তর রামগতি ও কমলনগরের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ অবস্থায় কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব এবং জাতীয় যুব পরিষদের আহ্বায়ক এম এ এহসান রিয়াজ পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তি ও নেক হায়াত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আলী আজ্জম ও মা মাজেদা খাতুন। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।

পরবর্তীতে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯৬৯–৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০–৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম রূপকার ছিলেন তিনি। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে সেই পতাকা তুলে দেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা এবং মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে যৌথভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে দলটির একটি অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর গ্রেপ্তার হন আ স ম আবদুর রব। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর মুক্তি পেলেও পরবর্তী সময়ে সামরিক আদালতে তার ১০ বছরের কারাদণ্ড হয়। ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন এবং ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহত্তর রামগতি ও কমলনগরের উন্নয়ন এবং স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে এলাকাবাসীর কাছে তিনি বিশেষভাবে পরিচিত। তার অসুস্থতার খবরে পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা মহান সৃষ্টিকর্তার কাছে দ্রুত আরোগ্য কামনা করছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]