প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম (ভিজিট : ২৪)

সংগৃহীত ছবি
ইয়েমেনে সৌদি আরবের বিমান বাহিনীর হামলায় ১১ শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। নিহতদের মধ্যে ৭ জন নারীও রয়েছেন। শুক্রবারের এ হামলার তথ্য ইরান-সমর্থিত হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে। তবে ইয়েমেনের ঠিক কোন এলাকায় হামলাটি চালানো হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
হুথিদের দেওয়া হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাত ক্রমেই বাড়তে থাকার মধ্যেই এ প্রাণহানির ঘটনা ঘটল।
এদিকে সৌদি বিমান হামলার জবাবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হুথিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, শুক্রবার তাদের যোদ্ধারা সৌদি আরবের জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জাজান বন্দরে হামলা চালিয়েছেন। তাঁর দাবি, এসব হামলায় সৌদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হুথি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ এবং লোহিত সাগর উপকূলের মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা আক্রমণ চালানো হয়।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে জানানো হলেও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি জোট।