প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম (ভিজিট : ১১১)

সংগৃহীত ছবি
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইন সোয়ে বলেছেন, রায়টি সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
এ সময় আন্তর্জাতিক বিচার আদালতের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে রায় দেন আইসিজে। সাত বছর ধরে চলা মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত জানায়, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্য নিয়েই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কর্মকাণ্ড পরিচালনা করেছে।
এ ছাড়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যৌন সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথাও আদালত উল্লেখ করেছে। ১৫ বিচারকের মধ্যে ৯ জন গণহত্যার অভিযোগের পক্ষে রায় দেন।