রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের তদন্তে প্রস্তুত ডেমোক্র্যাটরা, নথি সংরক্ষণের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ১১০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য, প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রয়োজনীয় সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া। এ বিষয়ে প্রায় এক ডজন ব্যক্তিকে চিঠি পাঠিয়েছেন তিনি।

আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য দুর্নীতি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) অনিয়ম এবং দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত তদন্তের নথি ব্যবস্থাপনা খতিয়ে দেখার প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) এসব চিঠি পাঠানো হয়।

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া আগামী জানুয়ারিতে ওভারসাইট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন। তার পাঠানো চিঠির তালিকায় রয়েছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, গ্রিসে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল, ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলের প্রধান নির্বাহী ক্যাথরিন টাউনসেন্ড, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম, সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কোরি লিওয়ানডোস্কি, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এবং ব্যুরো অব প্রিজনসের পরিচালক উইলিয়াম মার্শাল।

চিঠিতে গার্সিয়া বলেন, দুর্নীতি দূর করা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ভোটাররা কংগ্রেসের ডেমোক্র্যাটদের স্পষ্ট ম্যান্ডেট দিয়েছেন। সেই দায়িত্ব পালনের পাশাপাশি আইন সংস্কারের উদ্দেশ্যে ১২০তম কংগ্রেসে তারা গুরুত্বপূর্ণ নজরদারি কার্যক্রম পরিচালনা করবেন।

ট্রাম্প পরিবারের সদস্যদের কাছে পাঠানো চিঠিতে তাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত স্বার্থের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে জানানো হয়েছে, পরিবারের ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-এ তাদের অংশীদারত্ব এবং এ নিয়ে সম্ভাব্য স্বার্থের সংঘাত তদন্ত করবে কমিটি। একই সঙ্গে গত মে মাসে বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে ট্রাম্প জুনিয়রের বিবাহোত্তর অনুষ্ঠানে এক রুশ ধনকুবেরের অর্থায়নের বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে।

জ্যারেড কুশনারকে পাঠানো চিঠিতে তার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়ার সঙ্গে আলোচনায় মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসব ক্ষেত্রে স্বচ্ছতা, স্বার্থের সংঘাত এবং সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সম্ভাব্য অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে কমিটি।

অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সুসি ওয়াইলস, টড ব্লাঞ্চ ও উইলিয়াম মার্শালকে পাঠানো নোটিশের মূল বিষয় জেফরি এপস্টেইন-সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তের নথি প্রকাশে ট্রাম্প প্রশাসনের ভূমিকা। পাশাপাশি গত বছর এপস্টেইনের দীর্ঘদিনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলকে টেক্সাসের একটি ন্যূনতম নিরাপত্তার কারাগারে স্থানান্তরের বিষয়টিও তদন্তের আওতায় রাখার কথা বলা হয়েছে।

স্টিফেন মিলার, ক্রিস্টি নোয়েম ও কোরি লিওয়ানডোস্কিকে পাঠানো চিঠিতে অভিবাসনবিরোধী অভিযান ও আইন প্রয়োগের কার্যক্রম নিয়ে তদন্তের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে নোয়েম ও লিওয়ানডোস্কির বিরুদ্ধে দপ্তরের অভ্যন্তরে দুর্নীতি এবং অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়ার (পে-টু-প্লে) অভিযোগ খতিয়ে দেখতে চায় কমিটি।

এ ছাড়া কিম্বার্লি গিলফয়েলকে পাঠানো চিঠিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে সম্ভাব্য পে-টু-প্লে অভিযোগ তদন্তের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ক্যাথরিন টাউনসেন্ডের কাছে পাঠানো চিঠিতে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণে বেসরকারি অনুদান সংগ্রহের বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছেন গার্সিয়া।

এক বিবৃতিতে রবার্ট গার্সিয়া বলেন, প্রশাসনের অনিয়ম, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতেই তাদের এ উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যতে সব আমেরিকানের কল্যাণে আইন প্রণয়নের ভিত্তি তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ নেওয়ার পর সমন জারির ক্ষমতা প্রয়োগ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। তবে তাদের এই উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস।

গত সপ্তাহে হোয়াইট হাউসের কাউন্সেল উইল শার্ফ রবার্ট গার্সিয়াকে পাঠানো এক চিঠিতে সতর্ক করে বলেন, প্রস্তাবিত তদন্ত ‘স্পষ্ট অপরাধমূলক সীমা অতিক্রম করতে পারে’। কংগ্রেসের যেকোনো তদন্ত অবশ্যই বৈধ আইন প্রণয়নের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে শার্ফের এই সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন গার্সিয়া। তার দাবি, তদন্ত ও নজরদারি পরিচালনার ক্ষেত্রে কংগ্রেসের ব্যাপক এখতিয়ার রয়েছে।

এদিকে, আসন্ন তদন্ত নিয়ে মন্তব্যের জেরে দক্ষিণ টেক্সাসের মার্কিন অ্যাটর্নি অ্যারন রিটজ প্রতিনিধি পরিষদ ও সিনেটের অন্তত পাঁচজন ডেমোক্র্যাট সদস্যকে নোটিশ পাঠিয়েছেন। এসব নোটিশে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]