রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উজ্জীবিত থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘সবার আগে বাংলাদেশ’ -এই চেতনায় গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারের সঙ্গে একই আদর্শে কাজ করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর বর্বর হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করেন। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে বাংলাভাষী সেনা কর্মকর্তা ও সদস্যদের একত্র করে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ শীর্ষক নিবন্ধে এসব ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। ওই লেখায় জিয়াউর রহমান উল্লেখ করেন, ২৬ মার্চ ১৯৭১ রাত ২টা ১৫ মিনিটে তিনি ব্যাটালিয়নের কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের ডেকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন এবং একটি সামরিক পরিকল্পনা দেন। তারেক রহমান জানান, জিয়াউর রহমানের এসব লেখা ১৯৭২ সালে দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত হয়েছিল।

তারেক রহমান বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সশস্ত্র সংগ্রামের নির্দেশ দেওয়ার পর ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতাকামী জনগণের উদ্দেশে আবারও স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। রেডিওতে প্রচারিত সেই ঘোষণা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে। এ কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস ঐতিহাসিকভাবে অনন্য ও অসাধারণ।

সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও বীরত্বের প্রতীক হলো তার সশস্ত্র বাহিনী। অথচ স্বাধীনতার পর বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের অপচেষ্টাও চলেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই দিন সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা প্রতিহত করেছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ৭ নভেম্বরের পরাজিত শক্তি মহাজোটের নামে একত্র হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের আড়ালে নির্বিচারে সেনা হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। ওই ঘটনার পর বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান, প্রতিটি ঐতিহাসিক ঘটনায় সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশপ্রেমিক জনগণ মনে করে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহসও কেউ দেখাতে পারবে না।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]