প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। শ্রমিকদের অবরোধের কারণে দুই মহাসড়কেই যান চলাচল ব্যাহত হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
জানা গেছে, সকালে নাওজোড় এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে সেখানেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও তারা অন্য স্থানে গিয়ে আবারও অবরোধ করছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে জেলার ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।