প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৩২ পিএম (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেয়েছেন শিক্ষক বিপ্লব সরকার। শেষ কর্মদিবসে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের কাছ থেকে সম্মাননা স্মারক ও নানা উপহার গ্রহণ করেন তিনি। পরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফেরেন। তাঁর এই ব্যতিক্রমী বিদায় ঘিরে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তাঁর সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফুল ও উপহারসামগ্রী দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশে রওনা হন বিপ্লব সরকার। দীর্ঘদিনের শিক্ষকতার স্বীকৃতিস্বরূপ এমন সম্মানজনক বিদায় উপস্থিত সবার মধ্যে আবেগ ও ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেয়।
১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন বিপ্লব সরকার। ১৯৯৩ সালে যোগ দেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যান এই শিক্ষক।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম.