বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ   তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার   দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের   
একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা করা ব্যক্তিদের দেশদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীন দেশের কোনো অংশকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই।

বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা বা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের ভেতরে কোনো জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা করা হলে আইন ও সংবিধানের দৃষ্টিতে সংশ্লিষ্টরা দেশদ্রোহী। দেশের কোনো অংশকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণা করার আইনি কিংবা নাগরিক অধিকার কারও নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরও তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলাকালে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তার দেশে ফেরা উচিত ছিল।

তিনি আরও বলেন, ‘তিনি আসেননি—এর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।’ এখন তার কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা হামলা ও লুটপাটের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, খুনের নেশা এখনো কাটেনি, ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। তবে নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণই তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল বলে উল্লেখ করেন তিনি।

হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে।

জাতীয় ঐক্যের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা জানান, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি মত দেন।

তবে জাতীয় ঐক্যকে সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না রেখে টেকসই করার আহ্বান জানান তিনি। সংসদে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, সেটিকে সম্মান জানান বলেও উল্লেখ করেন।

ঐক্যে ফাটলের কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা তুলে ধরেন জামায়াত আমির। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।

এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]