সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার   ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল   সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর   প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গঙ্গা চুক্তি ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য নিয়ে আলোচনা: নাহিদ ইসলাম   ঢাকার কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী   আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা   টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে   
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গঙ্গা চুক্তি ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য নিয়ে আলোচনা: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদী শক্তির তৎপরতা, গঙ্গা চুক্তি নবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় ঐক্যসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এনসিপি এ ঐক্যের সঙ্গে সংস্কার কার্যক্রমকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ধারাবাহিকভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ফ্যাসিবাদী শক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা জরুরি। পাশাপাশি আধিপত্যবাদ মোকাবিলায় একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন প্রয়োজন। এটি কোনো দলের একক লড়াই নয়; বরং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের ঐক্য প্রয়োজন।

বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে কোনো ধরনের আপস না করার আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ। একই সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিলের দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। এনসিপির এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে সরকার।

ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশটি তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। বিষয়টি আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপির রাজনৈতিক বিরোধ নয়; বরং বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের প্রশ্ন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তাঁর অভিযোগ, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সীমান্ত এলাকায় বিজেপির সমাবেশে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনার সঙ্গে ভারত জড়িত। আন্তর্জাতিক পরিসরেও দেশটি বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর দাবি, ভারত নিজেই সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে অন্যতম শীর্ষ দেশ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]