
সংগৃহীত ছবি
বিদেশে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে এবার নিউমার্কেটের টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ডিবির মিডিয়া বিভাগ থেকেও এ তথ্য জানানো হয়েছে।
আকতার হোসেন বলেন, সোমবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং একাধিক মামলা চলমান। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তদন্তে তার নাম আসায় এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডে তার প্রকৃত সম্পৃক্ততা কতটুকু, তা জিজ্ঞাসাবাদ ও তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবার থাইল্যান্ডগামী বিমানে ওঠার সময় সুইডেন আসলামের গ্রেপ্তার হওয়া এবং এর পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তিনি কোথা থেকে এসেছিলেন বা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত বলতে পারবে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আকতার হোসেন বলেন, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্তাধীন, আবার কয়েকটির ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব মামলা ও অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্য শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ডিএমপি চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেপ্তারের একটি ধারাবাহিক প্রক্রিয়া। সুযোগ ও সক্ষমতা তৈরি হলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে ডিবি। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে গ্রেপ্তারের আগে প্রায় এক মাস ধরে নজরদারিতে রাখা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দুই নম্বরে ছিল টিটনের নাম। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।