রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
১ ডিসেম্বর থেকে ঢাকায় অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ১৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম সংযোজন ও ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ওই দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার পথচারী ও সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। আইন অনুযায়ী হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এখনো তা ব্যবহার করা হচ্ছে। চালক ও মালিকদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বাসসকে বলেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জামের অবৈধ ব্যবহার সড়কে শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণ বাড়াচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

তিনি আরও বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় অবৈধ সরঞ্জাম জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

আনিছুর রহমান জানান, বাস ও ট্রাকের পাশাপাশি কিছু জিপগাড়িতেও হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক যানবাহনে অনুমোদনহীন সাজসজ্জার সরঞ্জাম ও সাইলেন্সার সংযোজন করা হয়েছে। এসব কারণে রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, সড়ক পরিবহণ বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত চার ধরনের যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এসব যানবাহন ছাড়া মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ অন্যান্য বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক হর্ন বা বিশেষ হর্ন ব্যবহার নিষিদ্ধ।

অটোরিকশা ও একই ধরনের যানবাহনের উচ্চশব্দ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি জানান, এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম বর্তমানে সিটি করপোরেশন পরিচালনা করছে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সেগুলোর বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে এসব যানবাহনকেও নিয়মের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দ মানুষের শ্রবণশক্তির ক্ষতি করার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। শিশু, বয়স্ক, হৃদ্‌রোগী ও অসুস্থ ব্যক্তিরা এ ধরনের শব্দে বেশি ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে, অনুমোদনহীন বিকন লাইটের ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।

শব্দদূষণের মাত্রা ও শাস্তির বিধান

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর তফসিল-১ অনুযায়ী, এলাকাভেদে শব্দের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল এবং মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বাণিজ্যিক এলাকায় দিনে সর্বোচ্চ ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল শব্দের অনুমতি রয়েছে। বিধিমালায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর অপরাধে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে সংশ্লিষ্ট অপরাধীর সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অন্যদিকে, হাইড্রোলিক হর্ন, মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধিতে মোটরযানে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। বিধির উপবিধি (১) অনুযায়ী, মোটরযানের অবস্থান সম্পর্কে অন্যদের সতর্ক করতে প্রতিটি যানবাহনে চালকের তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী অনুমোদিত হর্ন বা শব্দ সৃষ্টিকারী যন্ত্র থাকতে হবে।

উপবিধি (২) অনুযায়ী, হর্নের শব্দ নির্ধারিত মাত্রার বেশি হতে পারবে না। উপবিধি (৩)-এ পরপর বিভিন্ন সুর উৎপন্নকারী বহুশ্রুতি হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টিকারী হর্ন কিংবা যন্ত্র মোটরযানে সংযোজন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তবে উপবিধি (৪) অনুযায়ী, মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে বিশেষ হর্ন ব্যবহারের অনুমতি রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]