প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিট : ২০)

সংগৃহীত ছবি
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি এবং সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত ১২ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাতজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুজন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন রয়েছেন।
প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
দ্বিতীয় প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে আরও চার কর্মকর্তাকে। তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপন দুটিতে সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের এ সংযুক্তির মেয়াদ হবে দুই মাস।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, কার্যকর তদারকি এবং সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।