সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে শুরু হয়েছে মজুরি বোর্ডের তৃতীয় সভা   কৃষকদল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা   আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   টানা দরপতন কাটিয়ে এবার বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম   নতুন বছরের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের   স্বাধীন বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল মেজর হাফিজের   হোয়াটসঅ্যাপের যে প্রতারণার ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট   
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ৬৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর সড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের একপর্যায়ে একটি বাস ভাঙচুরের চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সেলিমের অভিযোগ, নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে তারা আশপাশের যেসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল, সেগুলোতে হামলার চেষ্টা করেন। দেরিতে কারখানা থেকে বের হওয়া শ্রমিকদের মারধর করা হয়। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজনকে মারধরের অভিযোগ করেন তিনি।

সেলিমের দাবি, অন্য কারখানার শ্রমিকেরা কর্মবিরতি না করে কাজ চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা তাদের ওপর হামলা চালান।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নিউ এইজ কারখানার আন্দোলনরত এক নারী শ্রমিক। মুঠোফোনে তিনি দাবি করেন, শ্রমিকেরা কোনো কারখানা কিংবা অন্য শ্রমিকের ওপর হামলা করেননি। বরং কারখানা থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাদের ওপর হামলা চালায়।

ওই শ্রমিক আরও অভিযোগ করেন, নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে সরকার ও মালিকপক্ষ টালবাহানা করছে। এ বিষয়ে নির্ধারিত বৈঠকও একজনের কারণে স্থগিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। দ্রুত নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান ওই শ্রমিক।

এদিকে নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রভাবে সোমবার আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো:- সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড ও কমপ্লিট কম্পোজিট লিমিটেড।

এর আগে শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছিলেন, দিনের শুরুতেই শ্রমিকদের কর্মবিরতির কারণে নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছিলেন।

চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সেদিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

শিল্প পুলিশের আশা, পরিস্থিতির উন্নতি হলে কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হওয়া কারখানার সংখ্যা কমে আসবে। শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি, যার ৪৭০টি রপ্তানিমুখী।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]