
সংগৃহীত ছবি
বাংলাদেশের ফুটবলের সোনালি দিনের অন্যতম কিংবদন্তি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাদা-কালো জার্সিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন অগণিত সমর্থকের হৃদয়ে। খেলেছেন পাকিস্তান জাতীয় দলে, সামলেছেন অধিনায়কের দায়িত্বও। স্বাধীনতার পর বাংলাদেশের ঘরোয়া ফুটবলেও ছিলেন অন্যতম সেরা পারফরমার। অথচ এত সাফল্য ও অর্জনের পরও স্বাধীন বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি তার। ক্যারিয়ারের এই অপূর্ণতা আজও পোড়ায় তাকে।
ফুটবল মাঠের পাশাপাশি সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেছেন হাফিজ। দুই ক্ষেত্রেই সমানতালে সময় দিতে হয়েছে তাকে। সামরিক পেশার ব্যস্ততার মধ্যেও ফুটবলে নিজের দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও ফুটবলের সঙ্গে সম্পর্ক অটুট রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সংগঠক হিসেবে।
পাকিস্তান জাতীয় দলের একমাত্র বাঙালি ফুটবলার
১৯৬৭ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলে জায়গা করে নেন হাফিজ উদ্দিন আহমদ। সে সময় দলটির একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলেন তিনি। ওই বছর এশিয়ান কাপ খেলতে পাকিস্তান দল যায় রেঙ্গুনে। ১৯৭০ সাল পর্যন্ত নিয়মিত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
পাকিস্তান দলে জায়গা ধরে রাখার লড়াই ছিল বেশ কঠিন। প্রতিটি পজিশনের জন্য চারজন করে খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হতো। ৪৪ জনের প্রতিযোগিতায় নিজের যোগ্যতা প্রমাণ করেই মূল একাদশে জায়গা করে নিতেন হাফিজ।
১৯৭০ সালে ইরানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে পাকিস্তান দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। অধিনায়ক চোটে পড়ায় শেষ দুটি ম্যাচে নেতৃত্বও দেন দলকে। সৌদি আরবের বিপক্ষে পাকিস্তানের ৩-০ গোলের জয় এবং ইরাক ও তুরস্কের বিপক্ষে ম্যাচেও মাঠে ছিলেন তিনি। পাকিস্তানের জার্সিতে খেলার অভিজ্ঞতা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।
মোহামেডানের জার্সিতে গোলের রেকর্ড
স্বাধীনতার পর ঢাকার ফুটবলে মোহামেডানের হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন হাফিজ। ১৯৭৪ সালে ফায়ার সার্ভিসের বিপক্ষে এক ম্যাচেই ছয় গোল করে ইতিহাস গড়েন। স্বাধীনতার পর ঢাকার শীর্ষ ফুটবল লিগে সেটিই ছিল প্রথম ডাবল হ্যাটট্রিকের কীর্তি।
ম্যাচের শুরুতেই জোড়া গোল করেন তিনি। এরপর পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রতিপক্ষের খেলোয়াড়দের অনুরোধেও গোল করা থামাননি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে চতুর্থ গোল করার পর আরও দুটি গোল করে নিজের কৃতিত্বকে নিয়ে যান অনন্য উচ্চতায়।
১৯৭৫ সালে মোহামেডানের লিগ শিরোপা জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। একই বছর আবাহনীর বিপক্ষে ৪-০ গোলের জয়ে একটি গোল করেন হাফিজ। নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা গোল হিসেবে মনে করেন সেই গোলটিকে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একাই প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়েছিলেন তিনি।
১৯৭৬ সাল ছিল হাফিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম। সেবার লিগের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। সেমিফাইনালে বিজেএমসির বিপক্ষে হ্যাটট্রিক করে মোহামেডানকে ফাইনালে তোলেন। এরপর ফাইনালে আবাহনীর বিপক্ষে করেন আরও দুটি গোল। শেষ পর্যন্ত শিরোপাও জেতে মোহামেডান। অধিনায়কত্ব ও সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি নিয়ে মৌসুম শেষ করেন হাফিজ।
আবাহনী-মোহামেডানের ঐতিহাসিক দ্বৈরথেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই দলের মধ্যকার ১০টি ম্যাচে অংশ নিয়ে সাতটি গোল করেন তিনি। ১৯৭৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত টানা পাঁচ বছর আবাহনীর বিপক্ষে গোল করার কৃতিত্বও রয়েছে তার।
জাতীয় দলের জার্সি না পরার আক্ষেপ
পাকিস্তান জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার সুযোগ পেলেও স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে জায়গা হয়নি হাফিজের। এ নিয়ে তার আক্ষেপ দীর্ঘদিনের।
১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রথম জাতীয় দল গঠনের আগে লিগের মাত্র তিন ম্যাচে সাতটি গোল করেছিলেন তিনি। কিন্তু সেই পারফরম্যান্সের পরও জাতীয় দলে ডাক পাননি। ১৯৭৫ সালে মোহামেডানের লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরের বছর হন লিগের সর্বোচ্চ গোলদাতা। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে করেন পাঁচ গোল। তারপরও জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য।
হাফিজের আক্ষেপ, ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। অথচ স্বাধীনতার পর নিজের দেশের জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাননি। জীবনের অন্যতম বড় দুঃখ হিসেবে আজও বিষয়টি মনে করেন তিনি।
লাল কার্ড পেয়ে রেফারির মুখে ছুড়েছিলেন জার্সি
খেলোয়াড়ি জীবনে সাধারণত ফাউল থেকে দূরে থাকতেন হাফিজ। তবে ১৯৭৭ সালের লিগে পিডব্লিউডির বিপক্ষে একটি ঘটনায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
সেদিন ম্যাচে এক গোলে পিছিয়ে ছিল মোহামেডান। এ সময় প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে বাজেভাবে ফাউল করেন। ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়িয়ে ওই খেলোয়াড়ের বুকে হাত দিয়ে ধাক্কা দেন হাফিজ। একই সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এই ব্যাটা, এমন ফাউল করলি কেন?’
ঘটনার পরপরই রেফারি দলিল খান তাকে লাল কার্ড দেখান। এতে আরও ক্ষুব্ধ হয়ে নিজের জার্সি খুলে রেফারির মুখে ছুড়ে মারেন তিনি। তবে পরবর্তী সময়ে নিজের এমন আচরণের জন্য অনুতপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন হাফিজ। জানিয়েছেন, কাজটি ঠিক হয়নি এবং এ ঘটনার জন্য তিনি দুঃখিত।
খেলোয়াড় থেকে ফুটবল প্রশাসনের শীর্ষ পর্যায়ে
খেলোয়াড়ি জীবন শেষ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা থেকে দূরে সরে যাননি হাফিজ। ১৯৮০ সালে মোহামেডানের ম্যানেজারের দায়িত্ব নেন। ১৯৮২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক এবং ১৯৮৬ সালে সংস্থাটির সভাপতির দায়িত্ব পান।
দেশের ফুটবল প্রশাসনে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হওয়ার পর সংস্থাটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ মাদক গ্রহণের অভিযোগে বহিষ্কারের ঘটনায় ফিফার ডিসিপ্লিনারি কমিটিতেও দায়িত্ব পালন করেন হাফিজ। সেখানে তিনি ছিলেন এশিয়ার প্রতিনিধি।
২০০৫ সালে ফিফার শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে ‘ফিফা স্যান্টেনারি অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন ফিফার সহসভাপতি মোহাম্মদ বিন হাম্মাম তার হাতে পুরস্কার তুলে দেন।
মোহামেডানের সাদা-কালো জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা ও নেতৃত্ব দেওয়া, ঘরোয়া লিগে গোলের রেকর্ড এবং আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সব মিলিয়ে হাফিজ উদ্দিন আহমদের ক্যারিয়ার বর্ণাঢ্য অর্জনে ভরা। বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে থাকা এই সাবেক ফুটবল তারকার জীবনে অবশ্য একটি অপূর্ণতা রয়েই গেছে। সেটি হলো স্বাধীন বাংলাদেশের জাতীয় দলের হয়ে একবারও মাঠে নামতে না পারার আক্ষেপ।