
সংগৃহীত ছবি
প্রযুক্তির প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার জালিয়াতির ঝুঁকি। এবার প্রতারণার নতুন কৌশল হিসেবে হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড’ নামে পরিচিত এ পদ্ধতিতে একটি কলের মাধ্যমেই ব্যবহারকারীর ব্যাংক-সংক্রান্ত ও ব্যক্তিগত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারকরা। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ড।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা নিজেদের ব্যাংক বা পরিচিত কোনো আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করে। এরপর ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা দেখা দিয়েছে কিংবা দ্রুত ব্যবস্থা না নিলে অর্থ হারানোর আশঙ্কা রয়েছে, এমন কথা বলে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে প্ররোচিত করে। ব্যবহারকারী সম্মতি দিলেই তার ফোনের পর্দায় প্রদর্শিত বিভিন্ন তথ্য দেখার সুযোগ পায় প্রতারকরা।
এভাবে পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যক্তিগত বার্তা এবং এককালীন পাসওয়ার্ড বা ওটিপি সংগ্রহ করতে পারে তারা। পরে এসব তথ্য ব্যবহার করে গ্রাহকের অজান্তে আর্থিক লেনদেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কোনো কোনো ক্ষেত্রে ফোনে কী-লগারের মতো ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে ব্যবহারকারীর টাইপ করা তথ্যও সংগ্রহ করতে পারে অপরাধীরা। এতে ব্যাংকিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড চুরির ঝুঁকি তৈরি হয়।
যেভাবে প্রতারণার ফাঁদে ফেলছে অপরাধীরা
মানুষের বিশ্বাস ও আতঙ্ককে পুঁজি করেই এ ধরনের প্রতারণা চালানো হয়। প্রতারকরা ফোন করে জানায়, ব্যাংক অ্যাকাউন্টে গুরুতর সমস্যা হয়েছে অথবা দ্রুত পদক্ষেপ না নিলে টাকা হারিয়ে যেতে পারে। এরপর সমাধানের কথা বলে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে কিংবা ভিডিও কল করতে বলে।
ব্যবহারকারী স্ক্রিন শেয়ারিং চালু করলে প্রতারকরা তার ফোনের কার্যক্রম সরাসরি দেখতে পারে। ফলে পাসওয়ার্ড বা ওটিপি প্রবেশ করানোর সময়ই তা তাদের নজরে চলে আসে। কিছু ব্যাংকিং অ্যাপে স্ক্রিন রেকর্ডিং প্রতিরোধের নিরাপত্তাব্যবস্থা থাকলেও স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে সেই সুরক্ষা এড়িয়ে তথ্য দেখার ঝুঁকি তৈরি হতে পারে।
যেভাবে নিরাপদ থাকবেন
এ ধরনের প্রতারণা এড়াতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফোনে ব্যাংক কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তির পরিচয় ব্যাংকের আনুষ্ঠানিক নম্বর বা নির্ভরযোগ্য যোগাযোগমাধ্যমে যাচাই করতে হবে। অপরিচিত বা সন্দেহজনক কারও অনুরোধে স্ক্রিন শেয়ারিং চালু করা যাবে না। স্ক্রিন শেয়ারিং চালু থাকা অবস্থায় ব্যাংকিং অ্যাপ ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।
এ ছাড়া অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি বন্ধ রাখা, অজানা নম্বরের কল ও সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলা এবং কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিলে সতর্ক হওয়া জরুরি। সন্দেহজনক নম্বর বা যোগাযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শও দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ব্যাংক কখনো ফোনে গ্রাহকের কাছে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই এসব গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। সচেতন থাকা, অপরিচিত ব্যক্তির অনুরোধ যাচাই করা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখাই এ ধরনের ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে কার্যকর উপায়।