প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম (ভিজিট : ৭৯)

সংগৃহীত ছবি
উড়তে সক্ষম নতুন টেসলা রোডস্টারের বিশেষ সংস্করণ উন্মোচন করেছেন মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনীতে মাটি থেকে ওপরে উঠে শূন্যে ভাসা, ডিগবাজি দেওয়া এবং একাধিক গাড়ি টপকে অবতরণের মতো কৌশল দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রায় নয় বছর পর নতুন রোডস্টার সামনে এনে গাড়িটির গতি ও প্রযুক্তিগত সক্ষমতার নানা চমক তুলে ধরেন মাস্ক।
টেসলার দাবি, নতুন রোডস্টার ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে। থ্রাস্টার প্রযুক্তির সাহায্যে স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে গাড়িটির সময় লাগবে এক সেকেন্ডেরও কম। পাশাপাশি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে শূন্যে ভেসে ডিগবাজি দেওয়ার সক্ষমতাও প্রদর্শনীতে তুলে ধরা হয়।
প্রদর্শনীর ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন মাস্ক। ভিডিওতে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে মাটি থেকে উঠে শূন্যে ভাসতে, উল্টে যেতে এবং বিভিন্ন কৌশলে চলাচল করতে দেখা যায়। দ্রুতগতির এসব কসরতের সঙ্গে স্পটলাইট ও ঘন ধোঁয়ার ব্যবহার প্রদর্শনীতে ভিন্ন মাত্রা যোগ করে।
টেসলা জানিয়েছে, রোডস্টারের প্রদর্শনীতে ঠান্ডা গ্যাসচালিত থ্রাস্টার ও ফ্যানভিত্তিক সাকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি থ্রাস্টারগুলো গাড়িটিকে মাটি থেকে ওপরে তোলা এবং এর গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য তৈরি। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ ফ্যানভিত্তিক সাকশন ব্যবস্থা সর্বোচ্চ দুই জি পর্যন্ত আকর্ষণ বল তৈরি করতে পারে।
অনুষ্ঠানে মাস্ক তাঁর বন্ধু পিটার থিয়েলের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘ভবিষ্যতে আমাদের উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেয়েছি ১৪০ অক্ষর।’ ২০২২ সালে টুইটার কেনার আগে প্ল্যাটফর্মটিতে পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমা ছিল ১৪০। সেই প্রসঙ্গে রসিকতা করে মাস্ক বলেন, ‘এখন আর তা নয়।’
টেসলার ওয়েবসাইটে নতুন রোডস্টারকে ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ বলে বর্ণনা করা হয়েছে। তবে প্রদর্শনীতে উড়ন্ত কৌশল দেখানো হলেও গাড়িটি মূলত সড়কে চলাচলের উপযোগী যান হিসেবেই বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাস্ক।
২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের পর থেকেই গাড়িটি টেসলার অন্যতম আলোচিত প্রকল্প। নতুন মডেলটির বিশেষ প্রদর্শনী হলেও এর উৎপাদন শুরু হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।