
সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, টেলিভিশন মিডিয়া ও সংগীতাঙ্গনে নিজের দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন তরুণ প্রযুক্তিবিদ ও সংগীত পরিচালক সোহান আহমেদ। প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মিডিয়া ও সংগীতশিল্পে আন্তর্জাতিক মানের কাজের মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নিতে চান তিনি। তাঁর লক্ষ্য, সাইবার জগতে একটি বিশ্বস্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সৃজনশীল কাজের মাধ্যমে দেশের মিডিয়া ও সংগীতাঙ্গনে অবদান রাখা।
সোহান আহমেদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মো. আমিনুর ইসলামের ছেলে। তরুণ বয়স থেকেই তথ্যপ্রযুক্তি, ওয়েব ডিজাইন, সাইবার নিরাপত্তা, অডিও-ভিডিও সম্পাদনা, সুরারোপ ও সংগীত পরিচালনার মতো ভিন্নধর্মী ক্ষেত্রে কাজ করে আসছেন তিনি। প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নিজের কর্মপরিধি বিস্তৃত করার চেষ্টা করছেন এই তরুণ।
আইটি, ওয়েব ডিজাইন ও সাইবার নিরাপত্তা খাতে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোহান আহমেদ প্রতিষ্ঠা করেছেন ওয়েবভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘এসএআর টেক’ (SAR TECH)। প্রতিষ্ঠানটির মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তাবিষয়ক পরামর্শ এবং বিভিন্ন কারিগরি সমস্যার সমাধানে সেবা দিয়ে আসছেন তিনি।
বর্তমান সময়ে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অনলাইন প্রতারণা প্রতিরোধ ও ডিজিটাল কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সেবা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা তাঁর।
তথ্যপ্রযুক্তির পাশাপাশি টেলিভিশন সম্প্রচারমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট নির্মাণেও কাজের অভিজ্ঞতা রয়েছে সোহান আহমেদের। এটিএন বাংলা, চ্যানেল নাইনসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রকল্পে কাজ করেছেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এটিএন বাংলার জন্য জিএম সৈকত পরিচালিত পূজা স্পেশাল নাটক ‘দেবী’ এবং চ্যানেল নাইন-এ প্রচারিত চিত্রনায়ক শিপন মিত্র অভিনীত ও জিএম সৈকত পরিচালিত নাটক ‘ঘর জামাই’-এর অডিও-ভিডিও সম্পাদনা ও মিডিয়া প্রোডাকশনের কাজ। এসব অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতা ও সৃজনশীল কাজের পরিধি বাড়াতে ভূমিকা রেখেছে।
সংগীতের প্রতিও রয়েছে সোহান আহমেদের বিশেষ আগ্রহ। সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি অডিও-ভিডিও সম্পাদনা এবং মিউজিক ভিডিও নির্মাণেও যুক্ত রয়েছেন তিনি।
দেশের পরিচিত সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ (G Series), সিডি চয়েজ (CD Choice) ও সুরঞ্জলির ব্যানারে প্রকাশিত বিভিন্ন গানের অডিও-ভিডিও সম্পাদনা ও মিউজিক ভিডিও নির্মাণে কাজ করেছেন তিনি। এসব কাজের মধ্যে কণ্ঠশিল্পী আরিয়ান হাসমি ও জিয়াদ সিদ্দিকসহ বিভিন্ন শিল্পীর গানের কাজ উল্লেখযোগ্য।
নিজের সুর ও সংগীত পরিচালনার কাজকে আরও সুসংগঠিত করা এবং ডিজিটাল মাধ্যমে সংগীত প্রকাশের কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘এসএআর মিউজিক ওয়ার্ল্ড’ (SAR Music World) নামের একটি অডিও-ভিডিও লেবেল। এ লেবেলের অধীনে তাঁর সুরারোপিত ও পরিচালিত গানসহ বিভিন্ন সংগীত পরিচালক ও শিল্পীর গান স্পটিফাই, অ্যাপল মিউজিক ও ইউটিউবের মতো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হচ্ছে।
সোহান আহমেদের কাজ, মেধা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন টোকাই নাট্যদলের প্রতিষ্ঠাতা, নাট্যপরিচালক ও অভিনেতা সাজু মেহেদী।
তিনি বলেন, “সোহান আহমেদের মধ্যে আমি অসাধারণ প্রতিভা, মেধা ও সম্ভাবনা দেখতে পাই। সে নিজের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। আমি বিশ্বাস করি, নিষ্ঠা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে বহুদূর এগিয়ে যাবে। তার মধ্যে ভালো কিছু করার যে সম্ভাবনা রয়েছে, তা সঠিকভাবে বিকশিত হলে ভবিষ্যতে সে আরও বড় পরিসরে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, অচিরেই সে তার কাজের মাধ্যমে সবার প্রশংসা অর্জন করবে।”
ভবিষ্যৎ লক্ষ্য প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের উন্নয়ন
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সোহান আহমেদ জানান, সাইবার জগতে প্রযুক্তিগত নিরাপত্তার একটি বিশ্বস্ত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মিডিয়া ও সংগীতশিল্পে আন্তর্জাতিক মান বজায় রেখে নিয়মিত কাজ করে যেতে চান তিনি। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন, মানসম্মত ডিজিটাল সেবা প্রদান এবং সংগীত ও মিডিয়া প্রোডাকশনে সৃজনশীল কাজের পরিধি বাড়ানোই তাঁর লক্ষ্য।
প্রযুক্তি ও সৃজনশীলতার এই দুই ভিন্ন জগতে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজের সক্ষমতা তুলে ধরতে চান সোহান আহমেদ।