প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম (ভিজিট : ৮১)

সংগৃহীত ছবি
বাংলাদেশের জার্সিতে আর টেস্ট ক্রিকেটে দেখা যাবে না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্ট খেলেই ১৯ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, কয়েক দিন আগে ফোন করে নিজের অবসরের সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়েছেন মুশফিক। এরপর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে।
তামিম বলেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর অবসরে যাবেন মুশফিকুর রহিম। কয়েক দিন আগে ফোন করে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এরপর এ বিষয়ে নিয়মিত কথা হয়েছে তাঁদের।
মুশফিক যেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে অবসরের ঘোষণা দেন, এমনটাই চেয়েছিলেন বিসিবি সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস না দিয়ে যথাযথভাবে বিষয়টি জানানোর পরামর্শও দিয়েছিলেন তিনি। তবে মুশফিকের অনুরোধে শেষ পর্যন্ত নিজেই অবসরের খবর প্রকাশ করেন তামিম।
এ প্রসঙ্গে তামিম বলেন, মুশফিককে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দিতে বলেছিলেন তিনি। কারণ, বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদান অসাধারণ। তাই বিষয়টি যথাযথভাবে আয়োজনের প্রত্যাশা ছিল তাঁর। তবে মুশফিকের অনুরোধেই আজ এ ঘোষণা দিয়েছেন।
মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, তাঁর মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভেবে খারাপ লাগছে। তবে শেষ টেস্টটিকে স্মরণীয় করে রাখতে চায় বিসিবি।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্ট ক্রিকেটে ১৪টি শতকের মালিক তিনি। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টটিই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।