
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ‘পিজে.২.১’। চলতি বছরের মে মাসে কানাডায় প্রথম শনাক্ত হওয়া এই ধরনটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, চীনসহ বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে।
সার্স-কোভ-২ ভাইরাসের নতুন এই ধরনকে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিভিন্ন দেশে এর জিনগত বৈশিষ্ট্য শনাক্ত হওয়ার পাশাপাশি বিস্তার বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
চিকিৎসাবিষয়ক সাময়িকী *জার্নাল অব ইনফেকশন*-এর তথ্য অনুযায়ী, গত ২ মে কানাডার অন্টারিওতে প্রথম পিজে.২.১ শনাক্ত হয়। এটি করোনার ওমিক্রন ধরনের জেএন.১-এর বংশধর। গবেষণায় এর স্পাইক প্রোটিনে সর্বোচ্চ ২৪টি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন বা মিউটেশন পাওয়া গেছে।
স্পাইক প্রোটিনের মাধ্যমেই করোনাভাইরাস মানবকোষের সঙ্গে যুক্ত হয়ে শরীরে প্রবেশ করে। তবে নতুন এই ধরন নিয়ে এখনই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যেসব দেশে ছড়িয়েছে পিজে.২.১
কানাডার পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে পিজে.২.১। গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে, বর্জ্য পানির নমুনা পরীক্ষার সময় যুক্তরাষ্ট্রে এই ভ্যারিয়েন্টটির বিস্তার সবচেয়ে দ্রুত ছিল।
যুক্তরাষ্ট্রে গত ৩০ জুন নিউইয়র্কের এক ব্যক্তির শরীরে প্রথম এটি শনাক্ত হয়। পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো ও ফ্লোরিডাতেও এর উপস্থিতি পাওয়া যায়।
এ ছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেনেও শনাক্ত হয়েছে নতুন এই ধরন। স্পেনে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছেন গবেষকেরা। দেশটির কাতালুনিয়া, বাস্ক অঞ্চল ও মাদ্রিদে সংক্রমণের খবর পাওয়া গেছে।
ডব্লিউএইচওর প্রতিবেদনে হংকংকে একমাত্র অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বর্জ্য পানির নমুনা পরীক্ষায় পিজে.২.১ শনাক্ত হয়েছে। যদিও প্রতিবেদনে চীনের কোনো এলাকার নাম উল্লেখ করা হয়নি, দেশটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, গত আগস্ট থেকে বিভিন্ন অঞ্চলে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যাচ্ছে।
গত ১৮ সেপ্টেম্বর এনটিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং নামের এক ব্যক্তি জানান, চীনের বিভিন্ন অঞ্চলের বর্জ্য পানির নমুনা বিশ্লেষণে আগস্ট মাসে পিজে.২.১-এর উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপরও দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই, শানসি, জিলিন ও লিয়াওনিং প্রদেশে এর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে।
ওয়াংয়ের দাবি, হেবেই ও শানসি প্রদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। হেবেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাসপাতালেও কয়েকজন গুরুতর রোগী শনাক্ত হয়েছেন। জিলিন ও লিয়াওনিং প্রদেশের হাসপাতালগুলোতেও একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি।
এদিকে বেইজিংয়ের রাষ্ট্রীয় চ্যাংপিং ল্যাবরেটরির একদল গবেষক গত ৩ সেপ্টেম্বর সার্স-কোভ-২-এর নতুন ধরন পিজে.২.১ নিয়ে গবেষণার ফল প্রকাশ করেন। এ-সংক্রান্ত প্রতিবেদনটি অনলাইন গবেষণাপত্র প্রকাশের প্ল্যাটফর্ম বায়োআর্কাইভে প্রকাশিত হয়েছে।
ওয়াং চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) কর্তৃপক্ষের বিরুদ্ধে নতুন প্রাদুর্ভাবের তথ্য গোপন করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এ বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো নীরব রয়েছে। যারা সংক্রমণসংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন, তাঁদের চাপ ও সেন্সরশিপের মুখে পড়তে হয়েছে। নতুন গবেষণা প্রতিবেদনটি ভাইরাস বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে বলেও তিনি দাবি করেন।
কী বলছেন গবেষকেরা
গবেষকদের মতে, পিজে.২.১-এর স্পাইক প্রোটিনে তুলনামূলক বেশি মিউটেশন দেখা গেছে। ভাইরাসের বাইরের এই প্রোটিন মানবকোষে প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ধরনটির স্পাইক প্রোটিনে সর্বোচ্চ ২৪টি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন শনাক্ত হয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, মানবকোষের ‘এসিই২’ রিসেপ্টরের সঙ্গে পিজে.২.১ শক্তিশালীভাবে যুক্ত হতে পারে। এমনকি যেসব কোষে এই রিসেপ্টরের পরিমাণ কম, সেগুলোতেও সংক্রমণ ঘটানোর সক্ষমতা থাকতে পারে।
তবে ডব্লিউএইচও জানিয়েছে, কোষের সঙ্গে ভাইরাসের শক্তিশালীভাবে যুক্ত হওয়ার অর্থ এই নয় যে এটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়াবে। এ বিষয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
বিদ্যমান টিকা কতটা কার্যকর?
নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে বিজ্ঞানীদের অন্যতম উদ্বেগ ছিল, এটি টিকা কিংবা আগের সংক্রমণের মাধ্যমে শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধক্ষমতাকে কতটা ফাঁকি দিতে পারে। তবে প্রাথমিক গবেষণায় কিছুটা আশ্বস্ত হওয়ার মতো তথ্য পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, প্রচলিত অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় পিজে.২.১ বিদ্যমান টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডিকে উল্লেখযোগ্যভাবে এড়িয়ে যেতে পারে না।
এ ছাড়া আগের ধরনগুলোর তুলনায় পিজে.২.১ বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ডব্লিউএইচও বলছে, এ বিষয়ে ক্লিনিক্যাল তথ্য সীমিত। ফলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
ভারতের কেরালার অ্যাপোলো অ্যাডলাক্স হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক গোপাকুমার বলেন, ভাইরাস কতটা বিপজ্জনক, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু মিউটেশনের সংখ্যা বিবেচনা করলেই চলে না। বরং এসব পরিবর্তনের ফলে ভাইরাসের সংক্রমণক্ষমতা কতটা বাড়ছে এবং এটি রোগ প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দিতে পারছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
একই ধরনের মত দিয়েছেন নয়াদিল্লির ধর্মশীলা নারায়ণ হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক নবনীত সুদ। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত পাওয়া তথ্যে পিজে.২.১-এর কারণে রোগের তীব্রতা বাড়ার কোনো প্রমাণ মেলেনি। তবে ভাইরাসটির গতিপ্রকৃতি ও সম্ভাব্য ঝুঁকি বুঝতে নিয়মিত জিনোমিক পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া জরুরি।