
সংগৃহীত ছবি
ভারতের সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ পরিস্থিতির জন্য ভারতের ‘মিজারেবল ফরেন পলিসি’ বা হতাশাজনক পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন তিনি। তার মতে, ভারতের এই নীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা প্রসঙ্গে পার্থ বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত হতাশাজনক। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের সঙ্গেও দেশটির সম্পর্ক ভালো নয়। এর প্রভাব বাংলাদেশের সঙ্গেও সম্পর্কে পড়ছে।
তিনি বলেন, ভারতের মাটিতে বসে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন দেওয়ার বিষয়টি ভারতের হতাশাজনক পররাষ্ট্রনীতিরই প্রতিফলন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তিনি কীভাবে ফিরতে চান, সেটি তার নিজের বিষয়। তবে তাকে ফিরিয়ে আনার জন্য একটি আইনি প্রক্রিয়া রয়েছে এবং সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একদিকে বিমানে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের আগে দেশে ফেরার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত।
পার্থের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ও সম্প্রীতি তৈরির চেষ্টা চলছে, তা দলটির ভালো লাগছে না।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতে একটি পক্ষ আতঙ্ক ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে পার্থ বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। দুর্গাপূজাও এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে।
তার অভিযোগ, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে ভারতীয় গণমাধ্যম সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে। ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশের এসব বিষয় ব্যবহার করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক প্রচারণার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভারতের কিছু গণমাধ্যম নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে এ ধরনের সংবাদ প্রচার করছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও আওয়ামী লীগের দেশত্যাগের পেছনের পরিস্থিতি দেশের মানুষ জানে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে ভারতের স্থানীয় রাজনীতিতে সুবিধা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।