বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম, ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম এবং গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। এর মধ্যে গ্রামীণ ব্যাংকের একাধিক শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের পরিধি তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।

গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত ব্যাংকটির কার্যক্রম। বর্তমানে এর মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, শাখাগুলোর কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ শাখাগুলোর আওতাধীন এলাকার গ্রাহকেরা প্রয়োজনীয় ঋণসেবা পাচ্ছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু পালন ও গরু মোটাতাজাকরণের জন্য ঋণ নিতে গিয়েও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট সদস্যরা।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে।

এ অবস্থায় ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]