বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

এ বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি চিঠি জারি করা হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছিল।

পরবর্তী সময়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। সেখানে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলোতে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে।

এ ছাড়া প্রায় ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

তবে নতুন সচিবালয়ের জন্য নির্ধারিত জমির মালিকানা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁদের দাবি, পুরোনো বাণিজ্যমেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। আশির দশকে বাণিজ্যমেলা আয়োজনের জন্য সাময়িকভাবে জমিটি নেওয়া হলেও পরবর্তী সময়ে তা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, মাঠটিতে কৃষিবিষয়ক গবেষণা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। সেখানে সচিবালয় নির্মাণ করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গত অক্টোবর ও নভেম্বর মাসে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। জমিটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তাঁরা। পাশাপাশি প্রকল্পের পরিবেশগত প্রভাব এবং আশপাশের হাসপাতালগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দাবি, বিতর্কিত জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, বরং গণপূর্ত অধিদপ্তরের নামে নিবন্ধিত। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উত্থাপিত মালিকানার দাবিও যাচাই করে দেখার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

সচিবালয় স্থানান্তরের পক্ষে সরকার কয়েকটি কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে বর্তমান ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা, জায়গার স্বল্পতা এবং প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নের প্রয়োজনীয়তা।

বর্তমানে রাজধানীর আবদুল গণি রোডে প্রায় ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, পুরোনো ভবনগুলোর কয়েকটি ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি।

নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম স্থানান্তরের পর আবদুল গণি রোডের বর্তমান জায়গায় পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় এবং অধস্তন আদালতের কিছু কার্যক্রম স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]