প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম (ভিজিট : ৭৫)

সংগৃহীত ছবি
আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বুধবার সকালে রাজধানীর গুলশানে তার বাসায় যান থানার এক উপপরিদর্শক (এসআই)। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন তিনি।
এসআই মাহমুদুর রহমানকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এতে মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির মানহানিসংক্রান্ত ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।
তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী বছরের ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই স্থগিত থাকা মামলার গ্রেফতারি পরোয়ানা কার্যকরে মাহমুদুর রহমানের বাসায় যায় পুলিশ। পরোয়ানার নম্বর আর-১৬/২৬, যা ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।
২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা এসব মামলা করেন। একাধিক মামলায় আদালতের রায় অনুযায়ী সাজাও ভোগ করতে হয়েছে মাহমুদুর রহমানকে। এ ছাড়া দুই দফায় দীর্ঘ সময় বিনা বিচারে কারাগারে ছিলেন তিনি। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।
জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। এ সময়ে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।