প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১৮ পিএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
অগ্নিসন্ত্রাসকে পতিত আওয়ামী লীগের প্রকৃত চরিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে যে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে, তা আওয়ামী লীগের প্রকৃত চরিত্র তুলে ধরছে। তাদের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত যে সঠিক ছিল, দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশ ও জাতি বুঝতে পারছে যে সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসনির্ভর। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে যুক্ত না হলে রাজনীতির গুণগত পরিবর্তন সম্ভব নয়। সরকার সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।