বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ   তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার   দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের   
কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যিনি শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিলেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম   (ভিজিট : ৩৭৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। এরপর থেকেই আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে কে এই সৈয়দ মোজাম্মেল আলী, কী তাঁর পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা?

সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি এবং বিভিন্ন আলোচনা-পর্যালোচনায় যুক্ত রয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং দেশটির সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিসরেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান মোজাম্মেল আলী। এই প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন স্থানে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেওয়া এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাঁকে সক্রিয় দেখা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে নতুন করে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান এই মুখপাত্র। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

মোজাম্মেল আলীর দাবি, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তাঁর দেশে ফেরার ঘোষণাটি রাজনৈতিক আলোচনার পাশাপাশি আইনি দিক থেকেও বিশেষ গুরুত্ব পেয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]