বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ভারতের কোন এলাকায় রয়েছেন শেখ হাসিনা, জানা গেল সম্ভাব্য ঠিকানা   আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট   নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৪০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা দেশের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিস্তারিত চিত্র উঠে এসেছে। এসব জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে।

তিনি জানান, মামলার অন্যতম প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উল্লেখ রয়েছে।

আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক যুক্তি উপস্থাপন করেন। এ সময় হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ বিষয় আদালতের সামনে তুলে ধরা হয়।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুনানিতে তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক সাঈদের জবানবন্দিতে র‍্যাব সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে।

জবানবন্দি অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র‍্যাব-১১-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তারেক সাঈদ। র‍্যাবের অভিযান পরিচালনার নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস)-এর অনুমোদন প্রয়োজন হতো। ব্যাটালিয়ন অধিনায়কদের এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০১৪ সালে র‍্যাব সদর দপ্তরের একটি সম্মেলনে জিয়াউল আহসান তারেক সাঈদকে একটি তালিকা দিয়েছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল।

অ্যাটর্নি জেনারেল বলেন, তারেক সাঈদের জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা, অনুমোদন ও দায়িত্বের বিষয়গুলো উঠে এসেছে।

সাত খুন মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচলিত আইনে মামলাটির বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। জিয়াউল আহসানকে এ মামলায় আসামি করা হয়নি, এটি আলাদা বিষয়। তবে সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম এসেছে। এ কারণে ইতোমধ্যে সম্পন্ন হওয়া বিচারপ্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।

তিনি জানান, সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। এছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপিল শুনানিতে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালতের ব্যস্ততা ও অন্যান্য বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানান, বুধবার দিনভর সাত খুন মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]