বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ভারতের কোন এলাকায় রয়েছেন শেখ হাসিনা, জানা গেল সম্ভাব্য ঠিকানা   আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট   নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৩০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ জন্য জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং এখনো শরীরে গুলি বহন করা হেলথ কার্ডধারী এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। জনস্বার্থ ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদ অনুসারে আবেদনটি করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে। একই সময়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক হওয়ায় সংসদে আইন পাস কিংবা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার পাশাপাশি এর সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে রিটে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

রিটে অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার সঙ্গে জড়িত। এসব ঘটনার মধ্যে রয়েছে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও অগ্নিসংযোগ এবং বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা।

এ ছাড়া ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যার অভিযোগও আবেদনে তুলে ধরা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

রিটে দাবি করা হয়েছে, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা এবং সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের কেউ কেউ গোপনে সীমান্ত পেরিয়ে দেশে এসে বৈঠক করছেন বলেও আবেদনে দাবি করা হয়েছে।

টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানো, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা সেগুলোর পক্ষে যুক্তি দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয়েছে।

এ ক্ষেত্রে পেনাল কোডের বিভিন্ন ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির প্রতি।

একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। দলটির সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলা করার আবেদনও রয়েছে।

রিটে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত কমিটির তদন্তের আওতায় ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও ‘আয়নাঘর’, শ্বেতপত্রে উল্লেখিত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার এবং সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের ওপর দায় চাপানোর অভিযোগ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এসব ঘটনায় বিদেশি সম্পৃক্ততার বিষয়ও তদন্তের আওতায় আনার প্রস্তাব রয়েছে। ৯০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

দেশে ও বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করে দলটির তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার আবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আলোকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]