সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে শুরু হয়েছে মজুরি বোর্ডের তৃতীয় সভা   কৃষকদল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা   আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   টানা দরপতন কাটিয়ে এবার বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম   নতুন বছরের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের   স্বাধীন বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল মেজর হাফিজের   হোয়াটসঅ্যাপের যে প্রতারণার ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট   
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে শুরু হয়েছে মজুরি বোর্ডের তৃতীয় সভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ১৬৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সভায় মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের প্রস্তাবিত নিম্নতম মজুরি কাঠামো লিখিতভাবে জমা দেওয়ার কথা রয়েছে। এরপর পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডের এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর অনিবার্য কারণে নির্ধারিত বোর্ড সভা স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকেরা। তাদের দাবি, মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার অন্যান্য খরচ বেড়ে যাওয়াকে এ দাবির প্রধান কারণ হিসেবে তুলে ধরছেন তারা।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]