প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম (ভিজিট : ২৯)

সংগৃহীত ছবি
ফেনীর পর এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরসংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে পৌঁছান তিনি। পরে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, ডিসেম্বর মাসে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সব সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধভাবে কোনো ব্যক্তি যাতে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে না পারে, তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে ডিসেম্বর মাসে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশ থেকেও অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিজিবি। একই সঙ্গে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, এ উদ্দেশ্যে রোববার ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। সরকারের নির্দেশনা বাস্তবায়ন, দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা যাচাই করতেই তাঁর এ পরিদর্শন।
এ সময় সীমান্ত নিরাপত্তায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, স্থানীয়দের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা-যাওয়ার বিষয়ে কোনো তথ্য পেলে তা বিজিবিকে জানানোর অনুরোধ করেন তিনি। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান এবং ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।